
টিজার মুক্তির পর থেকেই এই ছবি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের উন্মাদনার পারদ চড়ছেই। বিশেষ করে টিজার মুক্তির পর থেকেই এই ছবি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন বলিউড বাদশাহ। বিজয়া দশমীর পটভূমিতে এই দৃশ্যটি ধারণ করতে টানা আট রাত শুটিং করতে হয়েছে টিমকে।
ঢাকঢোলের শব্দ, রঙের খেলা আর প্রতিমা বিসর্জনের উন্মাদনা-সব মিলিয়ে সেটে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল উৎসবের আবহ। শত শত জুনিয়র শিল্পীর অংশগ্রহণে বড় আয়োজনে এই দৃশ্যটি ধারণ করা হয়।
সিনেমা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এই ছবির মাধ্যমে দর্শকদের বড় চমক দিতে চান শাহরুখ। তাই অ্যাকশন দৃশ্যের মানের ক্ষেত্রে কোনো আপস করা হচ্ছে না। এই অ্যাকশন সিকোয়েন্সে শাহরুখের পাশাপাশি মেয়ে সুহানা খানকেও দেখা যাবে বেশ কিছু সাহসী স্টান্টে।
নিজের চরিত্রের প্রয়োজনে সুহানা যে পরিশ্রম করছেন, তা ওটিটি থেকে বড় পর্দায় তার অভিষেকের যাত্রাকে আরও স্মরণীয় করে রাখবে। এই ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সির মতো তারকাদের এক বিশাল বহর।
২০২৪ সালের শুরু থেকে আলোচনায় থাকা এই ছবির পরিচালনার ভার এখন সিদ্ধার্থ আনন্দের হাতে, যিনি এর আগে ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছিলেন। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার পরামর্শে ছবিটির নাম রাখা হয়েছে ‘কিং’। প্রথম দিকে সুজয় ঘোষের পরিচালনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধার্থ আনন্দের ওপরই ভরসা রাখা হয়েছে। নির্মাতা পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।