
ছবি: সংগৃহীত
লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ছত্রীসেনা নামিয়ে স্থল অভিযানের চেষ্টা এবং পরবর্তীতে বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধা ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হলেও ওই এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বেকা উপত্যকার নবী চিত শহরে হেলিকপ্টার থেকে ছত্রীসেনা নামায় ইসরায়েল। সেনারা শহরের ভেতরে অগ্রসর হওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও হিজবুল্লাহ যোদ্ধারা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করেন। প্রবল প্রতিরোধের মুখে ইসরায়েলি ছত্রীসেনারা তাদের পরিকল্পনা বাদ দিয়ে হেলিকপ্টারে করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থল অভিযানে ব্যর্থ হওয়ার পর নবী চিত ও এর আশপাশের জনপদে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে লেবানন সেনাবাহিনীর তিনজন সদস্যও রয়েছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাতের যে আগুন জ্বলে উঠেছে, তার প্রভাব এখন লেবাননজুড়ে ছড়িয়ে পড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাবে লেবাননের বিভিন্ন প্রান্তে আক্রমণ তীব্রতর করেছে ইসরায়েল।
গত কয়েক দিনের টানা হামলায় লেবাননে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতির কারণে প্রায় তিন লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বাস্তুচ্যুত এই বিশাল জনসংখ্যার মাত্র এক-তৃতীয়াংশ সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেলেও বাকিরা চরম মানবেতর জীবন যাপন করছেন।