
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত এবং ফ্লাইট বাতিলের ফলে বিপাকে পড়া বাংলাদেশি প্রবাসীদের সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে বিশেষ হটলাইন চালু করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সিলেট নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়ী এলাকায় ‘একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস’ আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন যৌথভাবে কাজ করছে। যুদ্ধকবলিত দেশগুলোতে আমাদের দূতাবাসগুলো নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়টি তদারকি করছেন। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা যাতায়াত নিয়ে সমস্যায় পড়ছেন, তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।” তিনি আরও জানান, যুদ্ধে হতাহতদের বিষয়ে খবর পাওয়ামাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সিলেট নগরীতে সাম্প্রতিক ছিনতাই ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।”
হোলি উৎসবের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অত্যন্ত গভীর এবং এটি অটুট রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দেশের উন্নয়নে মণিপুরী সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করেন।
একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্যসহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।