
২০২০ সালের তুলনায় যা ১ দশমিক ৩২ বছর বেশি
২০২৫ সালে চীনের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৯ বছর ৩ মাসে। ২০২০ সালের তুলনায় যা ১ দশমিক ৩২ বছর বেশি।
শনিবার (৭ মার্চ) চীনের বার্ষিক আইনসভা অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রধান লেই হাইছাও এ তথ্য জানান।
তিনি জানান, তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার ফলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০২৫ সালে সারা দেশের মোট চিকিৎসা ও রোগ নির্ণয় সেবার ৫২ দশমিক ৬ শতাংশই সম্পন্ন হয়েছে এসব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শহর ও গ্রাম উভয় অঞ্চলেই আগের চেয়ে বেড়েছে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা।
তিনি আরও বলেন, বর্তমানে দেশটির ৯০ শতাংশেরও বেশি মানুষ তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র ১৫ মিনিটের হাঁটাপথের দূরত্বে রয়েছেন। ২০২৫ সালের চীনে চিকিৎসা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লাখেরও বেশি। স্বাস্থ্য খাতের এই বিস্তৃতি ১৪০ কোটি মানুষের মৌলিক চিকিৎসা সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে সাহায্য করেছে বলে লেই উল্লেখ করেন।
লেই স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার এবং জনস্বাস্থ্যের নিরাপত্তা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে চীনের মানুষের গড় আয়ু বাড়িয়ে প্রায় ৮০ বছরে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।