
ফাইল ছবি
চলতি মার্চ মাসের প্রথম সাত দিনে দেশে ১ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার ৪১ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৫ কোটি ২৭ লাখ ডলার।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলতি মার্চের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
তিনি আরো জানান, গত তিন দিনেই (৫ থেকে ৭ মার্চ) দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ হাজার ৮৪৩ কোটি টাকা, যা সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য গতি নির্দেশ করছে।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং অর্থনীতিতে গতিশীলতা আনতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।