
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগরে কেরু অ্যান্ড কোম্পানির একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে আরিফুল ইসলাম (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) রাত ৮টার দিকে জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরা আরিফুলের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আরিফুল ইসলাম উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়া এলাকার মৃত মসলেম আলীর বড় ছেলে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তার অপর দুই বন্ধু সোহেল (২৭) ও ফারুক (২৮) গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে এক ইফতার অনুষ্ঠান শেষে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে জীবননগর থেকে উথলীর দিকে ফিরছিলেন প্রবাসী আরিফুল। পথে শিয়ালমারি পশুহাটের কাছে কেরু অ্যান্ড কোম্পানির একটি আলুবোঝাই ট্রাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির আলমসাধু আসতে দেখে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেলটি ট্রাক্টরের ট্রলিতে সজোরে ধাক্কা লাগে এবং তারা সড়কে ছিটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে আরিফুলের মাথা গুরুতর জখম হয় এবং তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত সোহেল ও ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।