
ইরানের নতুন হামলায় তেল আবিবের একটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে
ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার পরপরই আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কবার্তা দিয়ে জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র দেশটির দিকে ধেয়ে আসছে। তারা জানায়, সম্ভাব্য হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
এই সতর্কবার্তার কিছুক্ষণ পরই তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। একই সময়ে রাজধানী তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আজকের দিনে এটি ইসরায়েলের ওপর ইরানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা। এর প্রায় এক ঘণ্টা আগে ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল যে তারা ইসরায়েলের বেয়ারশেবা ও তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালাবে।
এদিকে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের সঠিক অবস্থান বা কোন এলাকায় ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।