
ছবি : ক্রিকইনফো
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিল ভারত।
রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের দেওয়া ২৫৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের তোপে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ২০০৭ ও ২০২৪ সালের পর আজ ঘরের মাঠে ট্রফি জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে তৃতীয়বারের মতো বিশ্বজয়ের উল্লাসে মাতল সূর্যকুমার যাদবের দল।
ব্যাটিংয়ে তাণ্ডব চালানোর পর বোলিংয়েও শুরু থেকেই নিউজিল্যান্ডকে চেপে ধরে ভারত। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই মাত্র ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা।
সেমিফাইনালের সেঞ্চুরিয়ান ফিন অ্যালেন ৯ এবং গ্লেন ফিলিপস ৫ রান করে অক্ষর প্যাটেলের শিকার হন। অন্যদিকে জসপ্রিত বুমরাহ ফেরান রাচিন রবীন্দ্রকে। ওপেনার টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রানের একটি লড়াকু ইনিংস খেলে হারের ব্যবধান কমানোর চেষ্টা করলেও বরুণ চক্রবর্তীর বলে তিনি আউট হওয়ার সাথে সাথেই নিউজিল্যান্ডের জয়ের আশা ম্লান হয়ে যায়।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৯ রানে অলআউট হয় কিউইরা। ভারতের পক্ষে জসপ্রিত বুমরাহ সর্বোচ্চ ৪টি এবং অক্ষর প্যাটেল ৩টি উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ ২৫৫ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করায় ভারত। অভিষেক শর্মার ১৮ বলে ঝোড়ো ফিফটি এবং সঞ্জু স্যামসনের ৪৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে এই রানের পাহাড় গড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
ঈশান কিষান করেন ৫৪ রান। শেষ দিকে শিবম দুবের ২৬ রানের ক্যামিওতে ভারত নিজেদের গড়া গত আসরের ১৭৬ রানের রেকর্ডটি অনায়াসেই ভেঙে দেয়। নিউজিল্যান্ডের পক্ষে জিমি নিশাম ৩টি উইকেট নিলেও তা ভারতের রানবন্যা ঠেকাতে যথেষ্ট ছিল না। এই জয়ে জোহানেসবার্গ ও বার্বাডোস স্মৃতি ফিরিয়ে এনে নতুন ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া।