
ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সিআইডি জানায়, আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে বিভিন্ন উৎস থেকে অর্জিত অবৈধ অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজের, স্ত্রীর এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন তিনি।
সংস্থাটির অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ কানাডার টরন্টো শহরে নিজের ও স্ত্রী মাহবুবুন্নেছার নামে একটি বাড়ি কেনেন আব্দুস সালাম। স্থানীয় ভূমি নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, বাড়িটির বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। এর আগে বিভিন্ন গণমাধ্যমেও কানাডায় তার পরিবারের বিপুল সম্পদের তথ্য প্রকাশিত হয়েছিল।
সিআইডি জানিয়েছে, বিষয়টি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ অনুযায়ী অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ একটি জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকায় ‘কানাডার বেগমপাড়ায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর আব্দুস সালাম ব্যাপারীকে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। এমনকি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে যোগ দিতে পারেননি তিনি।