
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ দ্বারা সংশোধিত)’ এর ১২ ধারা অনুযায়ী ডা. এফ এম সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিয়োগ অনুযায়ী, উপাচার্য হিসেবে তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (সংশোধিত)’ এর ১৪ ধারা অনুযায়ী তিনি উপাচার্যের দায়িত্ব ও কর্তব্য পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।