
আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বৈঠক।
বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে বাজারে তেলের সংকটের যে কথা শোনা যাচ্ছে, তা মূলত কিছু ভোক্তার আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার ফল। এর কারণে কিছু এলাকায় সাময়িকভাবে সরবরাহে চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, গত কয়েক দিনে বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক করা হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু এলাকায় ভোক্তারা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে তেল কিনে নেওয়ায় কয়েকটি দোকানে সাময়িকভাবে মজুত শেষ হয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে তিনি দেখেছেন রাস্তার পাশের বড় দোকানগুলোতে পর্যাপ্ত ভোজ্যতেল রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই উল্লেখ করা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
ভোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার প্রয়োজন নেই। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় অযথা প্রতিযোগিতা তৈরি করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই কোনো সংকট নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম জোরদার করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে এবং প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসনও অভিযান চালাবে।
তেলের দাম বাড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না। ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন।