
বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচের একটি মুহূর্ত। ছবি: বাফুফে
উজবেকিস্তানকে হারাতে পারলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখতে পারত বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে সেই আশা আর বাস্তবে রূপ নেয়নি। উজবেকিস্তান নারী দলের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
এই হার দিয়ে টুর্নামেন্টে নিজেদের মিশন শেষ করল পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপ পর্বে খেলা তিনটি ম্যাচের সবকটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি। শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। বিরতির পর সমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ নারী দল। তবে আক্রমণে গিয়ে লাভের বদলে উল্টো আরও তিনটি গোল হজম করতে হয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণভাগের একের পর এক ভুলের সুযোগ নিয়ে গোল আদায় করে নেয় উজবেকিস্তান।
ম্যাচের ৬২ ও ৬৬ মিনিটে পরপর দুটি গোল হজম করে বাংলাদেশ। এতে ম্যাচে বড় ব্যবধানে এগিয়ে যায় উজবেকিস্তান। এরপর ম্যাচের ৮৭ মিনিটে আরও একটি গোল করে তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।