
প্রতীকী ছবি
সংযুক্ত আরব আমিরাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। দায়িত্ব পালনকালে কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার (০৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দায়িত্ব পালন করার সময় কারিগরি ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে সশস্ত্র বাহিনীর দুই সদস্য প্রাণ হারান। নিহতদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তারা জাতীয় দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় শোক প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করে।
এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে পুরো অঞ্চলজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত গত রবিবার জানিয়েছিল যে, ইরানের পক্ষ থেকে চালানো ‘নৃশংস ও অযৌক্তিক আগ্রাসনের’ বিরুদ্ধে তারা প্রয়োজনীয় আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ শনিবার এক বক্তব্যে বলেন, দেশ এখন একটি ‘যুদ্ধের সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছে। তবে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানান, এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে সংযুক্ত আরব আমিরাত আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ইরান তার প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে, যদিও ক্ষতিগ্রস্ত অনেক দেশই এই সংঘাতের সাথে সরাসরি জড়িত নয় বলে দাবি করছে।