
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ায় সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফক্স নিউজের উপস্থাপক ব্রিয়ান কিলমেড জানান, নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার পর তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এ সময় ট্রাম্প তাকে বলেন, তিনি এই সিদ্ধান্তে ‘খুশি নন’। তবে এ বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি।
সোমবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বিষয়টি নিশ্চিত করেন।
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতার কেন্দ্রের ঘনিষ্ঠ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়।
এদিকে আইআরজিসি ও ইরানের সশস্ত্র বাহিনী নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য ঘোষণা করেছে। তারা জানিয়েছে, বিশেষজ্ঞ পরিষদের এই সিদ্ধান্ত ইসলামী ব্যবস্থার ধারাবাহিকতারই প্রমাণ।