
ইরানে গ্রেপ্তার বাংলাদেশি মোহাম্মদ ইসরাফিল মীর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয় প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি এবং বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে। বাংলাদেশি ওই প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর।
সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাহরাইন নিউজ এজেন্সি’ (বিএএ) এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীন অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট তাদের গ্রেপ্তার করে।
বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের সাম্প্রতিক আগ্রাসনের পরবর্তী পরিস্থিতি নিয়ে ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার অভিযোগে ছয়জন এশীয় নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এসব ভিডিওতে তারা ওই শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী বিচারের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে। একই সাথে দেশটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নাগরিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।