
খুলনায় নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান বর্তমান সরকারের বৈধতার মূল ভিত্তি। এই বৈধতা জুলাই সনদ আদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো নির্বাচিত সরকার যেন এটি উপেক্ষা না করে।’
সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘যদি জাতীয় সংসদ পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কার্যক্রম থেকে সরে আসে বা শপথ গ্রহণের প্রশ্ন এড়িয়ে যায়, তবে শুধু রাজনৈতিক সংকটই তৈরি হবে না, বরং জুলাই গণ-অভ্যুত্থান, নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। এটি জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া হাজারো মানুষের আত্মত্যাগ ও রক্তের সঙ্গে সরাসরি বেঈমানির সমতুল্য হবে।’
তিনি বলেন, ‘আজকের ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যের বার্তা দিয়েছে। ঠিক তেমনই সংসদেও ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ আদেশ কার্যকর করেই নতুন বাংলাদেশ গঠনের পথে এগোতে হবে।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এমপি হাসনাত আবদুল্লাহসহ আরও অনেকে।