
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (৯ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চারটি গুরুত্বপূর্ণ রুটে বিমানের কোনো ফ্লাইট চলাচল করবে না।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যে উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। তবে এই দুই রুটের ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি পাওয়া সাপেক্ষে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। যাত্রীনিরাপত্তার স্বার্থে যেকোনো সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
আকস্মিক ফ্লাইট স্থগিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের তথ্য ও সহযোগিতার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যাত্রীরা অভ্যন্তরীণভাবে ১৩৬৩৬ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ নম্বরে কল করে সর্বশেষ তথ্য জানতে পারবেন।