
গ্যারি কারস্টেন
শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার ও অভিজ্ঞ কোচ গ্যারি কারস্টেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
এসএলসি জানিয়েছে, দুই বছরের চুক্তিতে আগামী ১৫ এপ্রিল থেকে শ্রীলংকা দলের দায়িত্ব নেবেন ৫৮ বছর বয়সী এই কোচ।
সম্প্রতি শেষ হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকে শ্রীলংকার বিদায়ের পর প্রধান কোচের পদ ছাড়েন দেশটির সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। তার সঙ্গে বোর্ডের চুক্তি জুন পর্যন্ত থাকলেও দলীয় ব্যর্থতার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপরই নতুন কোচ হিসেবে কারস্টেনকে নিয়োগ দেয় শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলংকা ক্রিকেটের হাই পারফরম্যান্স কাঠামো পুনর্গঠন এবং জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে কারস্টেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বে তার প্রধান লক্ষ্য হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া। ওই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কোচ হিসেবে কারস্টেনের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত।
এরপর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই সময় তার কোচিংয়ে প্রোটিয়ারা টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—তিন ফরম্যাটেই আইসিসি র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল।
জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কাজ করেছেন কারস্টেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্স দলের সঙ্গেও কাজ করেছেন।
খেলোয়াড়ি জীবনেও ছিলেন সফল। ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কারস্টেন। এই সময়ে ১০১টি টেস্টে ৭২৮৯ রান এবং ১৮৫টি ওয়ানডেতে ৬৭৯৮ রান করেন তিনি। তার ক্যারিয়ারে টেস্টে ২১টি এবং ওয়ানডেতে ১৩টি সেঞ্চুরি রয়েছে।