
যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। খবর বাসস-এর।
মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম জেলা পুলিশের তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস।
পুলিশ জানায়, অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল এবং একটি এলজি রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত ৫৭টি পাইপ এবং ৬১টি কার্তুজ। এর পাশাপাশি বিভিন্ন ধরনের এক হাজার ১১৩ রাউন্ড গুলি ও ১১টি ককটেলও উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পাইপগান তৈরির কাজে ব্যবহৃত একটি লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জঙ্গল সলিমপুরের বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মোট তিন হাজার ১৮৩ জন সদস্য অংশ নেন। অভিযানে তিনটি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র্যাব ও সিএমপির তিনটি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করা হয়।