
সিনিয়র সাংবাদিক বাছির জামাল
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক বাছির জামাল (মোহাম্মদ আবদুল বাছির)।
আজ মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাছির জামাল দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার প্রধান প্রতিবেদক। এর আগে তিনি দৈনিক মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন, মানবকন্ঠ ও প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে কাজ করেছেন।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারি মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সহ-সভাপতি ছিলেন।
শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বাছির জামালের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।