
‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টারে শাকিব খান
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’। আসন্ন ঈদুল ফিতরের দিন থেকে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে সিনেপ্লেক্সটির কার্যক্রম পুনরায় শুরু হবে।
লোকসানের কারণে গত বছরের ১৮ সেপ্টেম্বর সিনেপ্লেক্সটি বন্ধ ঘোষণা করেছিলেন মালিক আর এম ইউনুস রুবেল। এরপর থেকে ভবনটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
রুবেল জানান, দীর্ঘদিন লোকসান গুনতে গুনতে বাধ্য হয়েই হলটি বন্ধ করতে হয়েছিল। তবে পরিবারের আবেগ ও বাবার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকায় সিনেপ্লেক্সটি টিকিয়ে রাখতে তিনি আবারও উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, প্রেক্ষাগৃহ টিকিয়ে রাখতে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি কলকাতা, বোম্বে ও হলিউডের ভালো বিদেশি সিনেমা আমদানির প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে নতুন সরকারের কার্যকর উদ্যোগ আশা করছেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, একসময় বগুড়া জেলায় ৩৮টি সিনেমা হল থাকলেও সময়ের ব্যবধানে ৩১টি হল বন্ধ হয়ে গেছে। বর্তমানে শহরে দুটিসহ পুরো জেলায় টিকে আছে মাত্র ৭টি প্রেক্ষাগৃহ।