
ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে একের পর এক বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথের নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে একের পর এক বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১২ দিনে ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত এই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল মধ্যরাতের পর থেকে ২৪টি ফ্লাইট বাতিল করা হয়। বাতিল এসব ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি ও ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট ছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি ও ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে এই ১১ দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ৩৯১টিতে।
তবে আকাশসীমা পুরোপুরি বন্ধ না থাকায় কিছু ফ্লাইট সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৩৬৪টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় ছিল। এর মধ্যে শুধু গতকাল মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ১৯টি ও সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল। আমিরাতগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাইয়ে ৫টি, আবুধাবিতে ১টি ও শারজাহয় ৬টি ফ্লাইট রয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে বিমানবন্দর সংশ্লিষ্টরা মনে করছেন। এ অবস্থায় যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।