
বলিউডে ঝোড়ো হাওয়া বইয়ে দিচ্ছে রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’
মুক্তির আগেই বলিউডে ঝোড়ো হাওয়া বইয়ে দিচ্ছে রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। মাত্র টিজার আর ট্রেলারেই দর্শকদের ঘুম কেড়ে নেওয়া এই ছবিটি এখন অগ্রিম বুকিংয়ে একের পর এক ইতিহাস গড়ছে। ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তির কথা থাকলেও তার আগের দিন অর্থাৎ ১৮ মার্চ বিকেল ৫টা থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে বিশেষ ‘পেইড প্রিভিউ’ শো। আর সেই প্রিভিউ শোর টিকিট ঘিরেই শুরু হয়েছে তুমুল কাড়াকাড়ি।
ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, মাত্র ৪৪ ঘণ্টায় ছবিটির ২ লাখ ৮০ হাজার ৫৬৩টি টিকিট বিক্রি হয়ে গেছে। দেশজুড়ে প্রায় ৮ হাজারের বেশি প্রিভিউ শোর টিকিট ইতোমধ্যেই বুকড। শুধুমাত্র অগ্রিম বুকিং থেকেই ছবিটি আয় করেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি ৬০ লাখ টাকা। আর ব্লক সিটসহ এই অংক দাঁড়িয়েছে প্রায় ২৭ কোটি ৯০ লাখ টাকায়। সবচেয়ে বেশি সাড়া মিলেছে হিন্দি সংস্করণে, তবে তামিল ও তেলেগু ভাষাতেও আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। বিশেষ করে মহারাষ্ট্রে ৫ কোটি ২৫ লাখ এবং কর্ণাটকে ৩ কোটি ৯৫ লাখ টাকার ব্যবসা ইতোমধ্যেই নিশ্চিত করেছে ছবিটি।
আদিত্য ধর পরিচালিত এই ছবিটি প্রিভিউ শোর আয়ের নিরিখে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’ এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছে। যেখানে ‘পুষ্পা ২’ পেইড প্রিভিউ থেকে ১৪ কোটি টাকা আয় করেছিল, সেখানে ‘ধুরন্ধর ২’ বহুভাষিক মুক্তির সুবিধা নিয়ে আরও অনেক দূর এগিয়ে গেছে। বর্তমানে হিন্দি সংস্করণে ১৫ কোটি ৮৫ লাখ এবং তামিল সংস্করণে ১৩ কোটি ৫ লাখ টাকা আয় করে রীতিমতো রেকর্ড গড়ছে রণবীরের এই ছবি।
চাহিদা তুঙ্গে থাকায় টিকিটের দামও রাখা হয়েছে আকাশচুম্বী। সাধারণ স্ক্রিনে ৬০০ টাকা থেকে শুরু হলেও বিলাসবহুল স্ক্রিনে একেকটি টিকিটের দাম উঠেছে ৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত! মজার বিষয় হলো, ‘ধুরন্ধর’-এর প্রথম কিস্তি মুক্তির সময় এত আলোচনা না থাকলেও রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত দ্বিতীয় কিস্তিটি এখন বক্স অফিসে সুনামি তোলার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রিভিউ শো-তেই যদি এমন দাপট থাকে, তবে মুক্তির পর ১৯ মার্চ থেকে বক্স অফিস কোন উচ্চতায় পৌঁছাবে, তা কল্পনার বাইরে।