
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে বলেছেন, স্থায়ী সমাধানের একমাত্র পথ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার আলোচনায় ফেরা।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা ‘কারও জন্যই লাভজনক নয়’। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় দুই সপ্তাহের বোমা হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন প্রতিবেশী দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, এতে হতাহতের ঘটনা ঘটেছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল-খুলাইফি বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলাসহ বিস্তৃত আক্রমণ নিয়ে কাতার গভীরভাবে উদ্বিগ্ন। তিনি কাতারের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশটি তার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিস্থিতি সমাধানে একটি বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।
আল-খুলাইফি উল্লেখ করেন, কাতার ও ওমান আগে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিল। কিন্তু হামলা চলতে থাকলে সেই ভূমিকা পালন করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়—এই বিষয়টি ইরানকে বুঝতে হবে।’ কাতার একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ বজায় রেখে সামরিক অভিযান বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছে।