
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য দেয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে আসেন জামায়াত-এনসিপিসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বেলা ১২টায় বিরোধী দলের সভাকক্ষে বৈঠকে বসেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, সংসদের অধিবেশনে স্বৈরাচারের দোসর এই রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কোনো অধিকার নেই৷ কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।
আরেক ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি মৌখিক যে প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করে দিয়েছে তার দল। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে দলটি।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।