
সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন পর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজেই এই পরিকল্পনার কথা জানান। দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে সাকিব বলেন, “ইনশা আল্লাহ দ্রুতই বাংলাদেশে যাব।”
২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। মূলত জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার কারণে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।
সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের মামলার ফাইল নিয়ে কাজ চলছে এবং দ্রুতই তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
তবে সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে কিছুটা ভিন্ন সুর শোনা গেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কণ্ঠে। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারলেই সাকিব ও মাশরাফি বিন মুর্তজা আবার দেশের মাটিতে খেলতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের আইনি বিষয়টি মোকাবিলা করতে হবে। তারা যদি নিরপরাধ প্রমাণিত হয়ে দেশের মাঠে খেলতে আসেন, তবে একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদের স্বাগত জানাব।”