
পাকিস্তানের দেওয়া ১১৫ রানের ছোট লক্ষ্য তাড়া করে দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মাত্র ১৫.১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। দলের এই সহজ জয়ে প্রধান ভূমিকা রাখেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪২ বলে ৫টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ৬৭ রানের ঝড়ো অপরাজিত ইনিংস খেলেন তিনি।
ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের ব্যাটিং। প্রথম ওভারে ১০ রান তোলার পর দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে টার্গেট করে আরও ১৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। তানজিদের দুটি চারসহ অতিরিক্ত রান দ্রুত স্কোরবোর্ড সচল রাখে। তবে তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির বলে পয়েন্টে শামিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাইফ হাসান (১০ বলে ৪)।
এরপর ক্রিজে এসে ইনিংস সামাল দেন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারে আফ্রিদিকে টানা তিনটি চার মেরে দলীয় স্কোর পঞ্চাশ পার করেন তিনি। তানজিদ ও শান্ত মিলে ৩৮ বলে ৫১ রানের জুটি গড়ে ম্যাচটি একতরফা করে তোলেন। এর মাঝেই ৩২ বলে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন দারুণ ফর্মে থাকা তানজিদ।
জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত (৩৩ বলে ২৭)। তবে এতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। শেষ পর্যন্ত লিটন দাসকে (৩*) সঙ্গে নিয়ে অনায়াসেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ তামিম।
এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১–০ এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচ আগামী শুত্রবার।