
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব মোকাবিলায় ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তা চেয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাওয়া গেছে। চিঠিটি গ্রহণ করে দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
বৈঠকের আলোচনার প্রসঙ্গে প্রণয় ভার্মা জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও শক্তিশালী সহযোগিতা রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বের গুরুত্বপূর্ণ একটি দিক। বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও জ্বালানি পাইপলাইন চালু রয়েছে।
তিনি আরও বলেন, এই বিদ্যমান সহযোগিতা কীভাবে আরও বিস্তৃত ও শক্তিশালী করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।