
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা থাকলেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা দেখা দিয়েছে। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, দেশের গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ এখন ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর ৮ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। মূলত মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে আইএমএফের নির্ধারিত এই নিট রিজার্ভ গণনা করা হয়।
বৈশ্বিক সংকটের এই সময়ে রিজার্ভের এমন বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি স্বস্তিদায়ক খবর হিসেবে দেখা হচ্ছে।