
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি খণ্ডিতভাবে নয়, পুরো প্যাকেজ আকারে বাস্তবায়ন দেখতে চায় বিরোধী দল।
বুধবার (১১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে জামায়াতসহ বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সরকার তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা উচিত। এর ভিত্তিতে বিরোধী দলের যে ন্যায্য প্রাপ্য, সেটুকুই তারা চান, এর বেশি কিছু নয়।
তিনি আরও বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা ইতোমধ্যে সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য—দুটি শপথই নিয়েছেন। তবে এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি নেয়নি বলে মন্তব্য করেন তিনি।
ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইয়ের চেতনাকে সম্মান জানাতে হবে। তিনি বলেন, “চব্বিশ থাকলেই ছাব্বিশ হবে, নইলে ছাব্বিশের অস্তিত্ব থাকে না। চব্বিশকে অমান্য করে ছাব্বিশ জাতির জন্য কোনো সুখবর নয়।” তিনি আশা প্রকাশ করেন, সরকারি দল দ্রুত এ বিষয়টি সম্পন্ন করবে।
এ সময় তিনি উল্লেখ করেন, দেশের ৬৯ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তাই গণভোটের ফলাফল উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, গণভোটে উত্থাপিত চারটি বিষয়ই পুরোপুরি গ্রহণ ও বাস্তবায়ন করা উচিত।
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত কী ভূমিকা নেবে—এ প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে এবং আগামীকাল তাদের অবস্থান স্পষ্টভাবে দেখা যাবে।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এ সময় দলের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।