
ইরান ফুটবল দল
ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ ডোনিয়ামালি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারি না।
বুধবার (১১ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’
ডোনিয়ামালি বলেন, ‘আমাদের শিশুরা নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো পরিবেশই নেই।’
আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তবে ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রের শহরগুলোতে নির্ধারিত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে প্রথম ১২ দিনেই অন্তত এক হাজার তিন শ’য়ের বেশি মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
এই হামলার জবাবে তেহরান ইসরায়েলের দিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী পরিচালিত কয়েকটি সামরিক ঘাঁটির দিকে এবং আঞ্চলিক অবকাঠামোর ওপর একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
হামলা শুরু করার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো সরকারি কর্মকর্তা এই প্রথম সরাসরি মন্তব্য করলেন।
এর আগে গত সপ্তাহে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ দলটির অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, যদিও তিনি সরাসরি বয়কটের কথা বলেননি।
১ মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘এই হামলার পর আমরা কীভাবে আশা নিয়ে বিশ্বকাপের দিকে তাকাতে পারি? যদি বিশ্বকাপ এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়, তাহলে সুস্থ মস্তিষ্কের কেউ কি তাদের জাতীয় দলকে এমন জায়গায় পাঠাবে?