
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সশস্ত্র হামলা থেকে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরে একটি বিয়ের অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহকে খুব কাছ থেকে গুলি করার চেষ্টা করেন এক ব্যক্তি। হামলাকারীর নাম কমল সিং জামওয়াল (৬৫), যিনি নিজেকে জম্মুর পুরানা মান্ডি এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন।
কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই তিনি আবদুল্লাহর কয়েক হাত দূরত্বে পৌঁছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছোড়েন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এক কমান্ডো দ্রুত হামলাকারীকে ধাক্কা দিলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এতে অল্পের জন্য রক্ষা পান ফারুক আবদুল্লাহ।
ঘটনার পর নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ হেফাজতে নেওয়ার পর তিনি জানান, গত ২০ বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন।
কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার সময় ফারুক আবদুল্লাহর সঙ্গে থাকা উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র বা অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।