Logo
বুধবার, ৩ জুন ২০২৬

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশিত - বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

President speech

ওয়াকআউটের সময়ও রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভাষণ শুরুর আগেই বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানান, প্লেকার্ড প্রদর্শন করেন, শ্লোগান দেন এবং পরে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রেওয়াজ অনুসারে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ শুরু করার আমন্ত্রণ জানান। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

Nagad
Nagad

প্রদর্শিত প্ল্যাকার্ডগুলোতে বাংলা ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল। এর মধ্যে একটি স্লোগানে লেখা ছিল— “জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা জনগণ মেনে নেবে না।” একই সঙ্গে তারা সংসদ কক্ষেই বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার এবং সংসদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এর মধ্যেই রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার অনুরোধ করলে বিরোধী দলের সদস্যরা আবারও উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন এবং নিজেদের আসন থেকে দাঁড়িয়ে পড়েন। স্পিকার বারবার তাদের শান্ত হয়ে রাষ্ট্রপতির ভাষণ শোনার অনুরোধ জানান।

শেষ পর্যন্ত রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। তবে ভাষণের মাঝামাঝি সময়ে বিরোধী দলের সংসদ সদস্যরা নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

ওয়াকআউটের সময়ও রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন।

প্রিন্ট করুন - ফিরে যান


স্বত্ব © বাংলা টেলিগ্রাফ
একটি ‘ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ প্রকাশনা