
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় বিবরণী জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হিসাব অনুযায়ী, ঢাকা-১৫ আসনে তাঁর নির্বাচনী প্রচারণায় মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের মোট ব্যয়ের মধ্যে নির্বাচনী প্রচারণায় খরচ হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। অন্যান্য খাতের মধ্যে রয়েছে—জনসভা আয়োজনে ৫ লাখ ৪৫ হাজার টাকা, নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা, এবং এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা।
এ ছাড়া আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং পরিবহন খাতে ৮৮ হাজার ৯৬ টাকা ব্যয় দেখানো হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের জন্য তিনি খরচ করেছেন ৭১ হাজার ৬০ টাকা।
আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে একজন প্রার্থী প্রতি ভোটারের বিপরীতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন হওয়ায় এখানে সর্বোচ্চ ব্যয়ের সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। ডা. শফিকুর রহমান নির্ধারিত এই আইনি সীমার মধ্যেই তাঁর নির্বাচনী খরচ সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জয় লাভ করেন ডা. শফিকুর রহমান এবং পরবর্তীতে তিনি সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণ করেন।