
ফাইল ছবি
চলতি মার্চ মাসের প্রথম ১১ দিনেই দেশে ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গড়ে প্রতিদিন দেশে প্রবাসী আয় হিসেবে এসেছে ১৭ কোটি ৪৫ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের তুলনায় ২৩ দশমিক ২০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদকে সামনে রেখে প্রবাসীরা তাঁদের আত্মীয়-স্বজনদের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন, যার ফলে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে দেশে প্রবাসী আয়ের ধারা বেশ ঊর্ধ্বমুখী। ডিসেম্বরে রেকর্ড ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স আসার পর জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও যথাক্রমে ৩১৭ কোটি এবং ৩০২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে।
গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ। চলতি অর্থবছরেও সেই ধারাবাহিকতা বজায় থাকায় অর্থনীতিতে স্বস্তি ফিরছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।