
আহমেদ আযম খান ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ আযম খান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬ অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ও ৪ মার্চ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হয়েছেন কায়সার কামাল। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় তারা আর মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদে থাকতে পারবেন না।
এই প্রেক্ষাপটেই মন্ত্রিসভায় নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বর্তমানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীসহ সরকারের মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল