
ফাইল ছবি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই সিদ্ধান্ত জানান।
আদালত সূত্রে জানা যায়, এদিন জনৈক জালাল হোসেন বাদী হয়ে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। এতে আসিফ মাহমুদকে প্রধান আসামি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরকে দুই নম্বর আসামিসহ মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়। দণ্ডবিধির ৩০২ ধারাসহ বিভিন্ন ধারায় মামলাটি গ্রহণের আবেদন জানানো হলেও বিচারক নথিপত্র পর্যালোচনা করে তা আমলে নেননি।
আবেদনটিতে আসিফ মাহমুদ ছাড়াও আব্দুল কাদের, আবু বকর মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, রিফাত রশিদ ও হাসিব আল ইসলামসহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম অন্তর্ভুক্ত ছিল।
মামলার দুই নম্বর আসামি আব্দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আবেদনের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, আওয়ামী লীগ আমলেও তিনি মামলার আসামি হয়ে জেল খেটেছেন এবং বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট এই মামলা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং বর্তমানে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।