
ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে বন্ধুপ্রতিম আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় দুটি উড়োজাহাজ অভিযানে অংশ নিয়েছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে, তবে অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর ভুলবশত গুলিবর্ষণ (ফ্রেন্ডলি ফায়ার) থেকে এই দুর্ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, যুদ্ধকালীন অভিযানে দূরপাল্লার যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহের জন্য সাধারণত কেসি-১৩৫ ধরনের রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান