
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্স চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুন শাখাটিতে তিনটি হল থাকবে। এর মধ্যে দুটি হলে ১৭৮টি করে আসন এবং অপর হলে রয়েছে ৭৫টি আসন। আধুনিক সাউন্ড সিস্টেম, বড় পর্দা ও নান্দনিক পরিবেশসহ বিশ্বমানের সুবিধা রাখা হয়েছে হলগুলোতে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জের দর্শকদের জন্য এটি ঈদের উপহার। দীর্ঘদিন ধরেই এখানে একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল।
তিনি জানান, উন্নত পরিবেশ, নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিনেমা হল নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বাইরে বিভিন্ন শহরে শাখা সম্প্রসারণ করা হচ্ছে এবং চলতি বছরের মধ্যেই আরও কয়েকটি শহরে নতুন শাখা চালুর প্রস্তুতি চলছে।