
মার্কিন বিমানবাহী রণতরী। পুরোনো ছবি
ওমান সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (১২ মার্চ) আইআরজিসি’র নৌ ইউনিট এক বিবৃতিতে জানায়, উন্নত সমরাস্ত্র দিয়ে চালানো এই হামলার মুখে রণতরীটি ওই অঞ্চলের জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত ওই মার্কিন রণতরীকে লক্ষ্যবস্তু করা হয়। আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার পর বিমানবাহী রণতরীটি এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।
একই দিনে বাহরাইনের মিনাসালমান এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরান। আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, দুই ধাপে চালানো ওই অভিযানে ঘাঁটির ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণ ট্যাংক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়।
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে ‘দৃঢ় ও প্রতিপক্ষের জন্য অনুতাপজনক’ বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে মার্কিন রণতরী ও ঘাঁটিতে ইরানের এই হামলার দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।