
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটিসহ মোট পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কমিটিগুলোর সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা অনুমোদন পায়।
অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন স্পিকার। অন্যদিকে বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
কার্য উপদেষ্টা কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আসাদুজ্জামান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জামির।
সংসদ কমিটির সভাপতি করা হয়েছে চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে। কমিটির সদস্যরা হলেন— রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম ও আবুল হাসনাত।
এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে জয়নাল আবদিনকে। কমিটির অন্য সদস্যরা হলেন—মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জামির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।
বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিও করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, কায়সার কামাল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম। বিরোধী দল থেকে আরও একজন সদস্য পরে মনোনীত করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে মো. শাহজাহানকে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— আসাদুজ্জামান, আমান উল্লাহ আমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়া, তাহসিনা রুশদী, নওশাদ জামির, শাহজাহান চৌধুরী, নুরুল ইসলাম বুলবুল ও আখতার হোসেন।
স্পিকার এসব কমিটির প্রস্তাব ভোটে দিলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।