
শাহরুখ খান
বলিউডের ধনকুবের তারকাদের আলোচনায় আবারও শীর্ষে উঠে এসেছেন শাহরুখ খান। ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকার সমান। এর ফলে তিনি বলিউডের সবচেয়ে ধনী অভিনেতাদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।
গত ৫ মার্চ প্রকাশিত এই তালিকায় ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধনকুবেরের সম্পদের হিসাব ধরা হয়েছে। তালিকায় বিলিয়নিয়ারের সংখ্যায় বিশ্বের মধ্যে ভারত তৃতীয় অবস্থানে রয়েছে; এর আগে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।
তবে আগের বছরের তুলনায় শাহরুখ খানের সম্পদ কিছুটা কমেছে। ২০২৫ সালে তাঁর সম্পদ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। বিশ্বের ধনী তারকাদের তালিকায় তাঁর সঙ্গে রয়েছেন সংগীত তারকা জে জেড, টেইলর সুইফট ও রিয়ানা।
শাহরুখ খানের আয়ের বড় উৎস শুধু সিনেমা নয়; প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ মিলিয়ে তিনি গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য।
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা। তাঁর নতুন সিনেমা ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন সুহানা খান, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করা শাহরুখ খান সিনেমার পাশাপাশি ব্যবসা ও বৈশ্বিক জনপ্রিয়তার কারণে আজ এক আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস