
ছবি: সংগৃহীত
মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
জানা গেছে, বিস্ফোরণের পর একটি গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।
মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ঘটনার খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ ঘটনায় মালদ্বীপ–এ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।