
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি আল কুদস দিবস উপলক্ষে শুক্রবার ইরানজুড়ে বিশাল জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির ছোট-বড় বিভিন্ন শহরে লাখো মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরান ছাড়াও খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের জাহেদান শহরে বিপুল মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তাঁর নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা যায়।
এদিকে এমন এক সময় এই গণমিছিল অনুষ্ঠিত হলো, যখন ইসরায়েল তেহরানে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর আগে ইরানের বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনাও জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
তথ্যসূত্র: সিএনএন।