
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এ অস্ত্রোপচার করা হয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হলে রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি ধরা পড়ে। এরপর দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে পরিস্থিতি পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা যুক্ত ছিলেন।
এদিকে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
এর আগে, শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে রোগীর সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করা হয়।