
ছবি: সংগৃহীত
মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বজ্রসহ শিলাবৃষ্টিও দেখা গেছে। গরম শুরু হওয়ার পর হঠাৎ এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।
এর আগে দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। সংস্থাটি জানায়, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিবলয়টির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে।
বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবার রাতেই সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে বৃষ্টিবলয়টি দেশে প্রবেশ করে আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।