
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে চিত্রটা ছিল পুরোপুরি ভিন্ন। একপেশে লড়াইয়ে বৃষ্টি আইনে ১২৮ রানের বড় ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান।
ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭৪ রান। জবাবে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই বৃষ্টির হানায় ৩ উইকেটে ২৭ রান থাকা অবস্থায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে খেলা। পরে ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয় ৩২ ওভারে ২৪৩ রান।
কঠিন সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে। পরে লিটন দাস ও তাওহীদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তাদের জুটিতে আসে ৫৮ রান। তবে ৩৩ বলে ৪১ রান করা লিটন মাজ সাদাকাতের বলে আউট হলে ভেঙে যায় এই জুটি।
লিটনের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আগের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া আফিফ হোসেন ১৫ বলে ১৪ রান করে ফিরেন। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। ফাহিম আশরাফের বলে বড় শট খেলতে গিয়ে ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
মিরাজের আউটের পরপরই রিশাদ হোসেনকে বোল্ড করে আরও এক ধাক্কা দেন সাদাকাত। মাত্র ১০১ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ও প্রতিরোধ ধরে রাখতে পারেননি। দলীয় ১০৩ রানে তার বিদায়ের পর পুরো ইনিংস গুটিয়ে যায় ১১৪ রানে।
১২৮ রানের এই বড় জয়ে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন কার্যত অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।