
ফাইল ছবি
বলিউড ‘বাদশা’ শাহরুখ খান আবারও সাফল্যের এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় বিলিয়নিয়ার হিসেবে উঠে এসেছে তার নাম। বর্তমানে প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১০ হাজার ৮০০ কোটি রুপির নিট সম্পদ নিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা অর্জন করেছেন।
গত ৫ মার্চ প্রকাশিত এই তালিকায় শাহরুখের অন্তর্ভুক্তিকে বিনোদন জগতের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যেখানে তার সঙ্গে রয়েছেন জে-জি, টেলর সুইফট এবং রিয়ানার মতো বিশ্বখ্যাত সংগীত তারকারা। যদিও ২০২৫ সালের তুলনায় তার সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন থেকে কিছুটা কমেছে, তবুও ভারতের ধনী তারকাদের তালিকায় তার অবস্থান এখনো অপ্রতিদ্বন্দ্বী।
শাহরুখ খানের এই বিপুল সম্পদের পেছনে কেবল অভিনয় নয়, রয়েছে তার সুদূরপ্রসারী ব্যবসায়িক সাম্রাজ্য। তার মালিকানাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ বর্তমানে ভারতের অন্যতম সফল একটি নাম। এছাড়া আইপিএলের দল ‘কলকাতা নাইট রাইডার্স’ এবং বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে তার ব্যবসায়িক সম্পৃক্ততা তাকে আর্থিকভাবে এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।
এর পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ডের প্রচারণা থেকেও তিনি নিয়মিত বিপুল পরিমাণ আয় করেন। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে কেবল একজন অভিনেতা হিসেবে নয়, বরং একটি শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
পর্দার বাইরের এই বিশাল সাফল্যের মাঝেই আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ নামের নতুন একটি সিনেমায় তাকে দেখা যাবে, যা নিয়ে দর্শকদের মাঝে এখনই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও অনিল কাপুরের মতো জনপ্রিয় তারকারা।
ব্যবসায়িক সাফল্য আর সিনেমার নতুন চমক মিলিয়ে শাহরুখ খান যেন আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডের অবিসংবাদিত রাজা।