
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে আটকা পড়া বাংলাদেশি যাত্রীরা অবশেষে দেশে ফিরতে শুরু করেছেন। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ তৎপরতা ও সহযোগিতায় গত বৃহস্পতিবার (১২ মার্চ) তারা দেশের উদ্দেশ্যে রওনা হন এবং শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছেন।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হওয়ার পর আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে আমেরিকা, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুয়েত হয়ে ট্রানজিট নিতে আসা বেশ কিছু সংখ্যক বাংলাদেশি যাত্রী সেখানে আটকা পড়েন। বৈশ্বিক এই সংকটময় পরিস্থিতিতে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়লে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয়।
সরাসরি ফ্লাইটের জটিলতা এড়াতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এক বিশেষ উদ্যোগ গ্রহণ করে। দূতাবাস কর্তৃপক্ষ আটকে পড়া এই যাত্রীদের জন্য সৌদি আরবের বিশেষ ট্রানজিট ভিসার ব্যবস্থা করে। এই প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীরা রিয়াদ অথবা দাম্মাম বিমানবন্দর ব্যবহার করে বিকল্প পথে নিরাপদে বাংলাদেশে পৌঁছানোর সুযোগ পান।
কুয়েত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে পাঠাতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। তাদের জন্য সৌদি আরবের ট্রানজিট ভিসা সংগ্রহসহ প্রয়োজনীয় সব আইনি ও ভ্রমণ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দীর্ঘ উদ্বেগ শেষে স্বজনদের কাছে পেয়ে বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দেশে ফেরা যাত্রীরা সংকটের সময়ে দূতাবাসের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। দূতাবাস জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত।