
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় গত ১৫ দিনে ঢাকা থেকে ৪৭১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) এক দিনেই বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট। আকাশসীমা বন্ধ ও যুদ্ধাবস্থার প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের অন্তত সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর ফলে ওই দিন থেকেই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিল হতে শুরু করে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই সংকটের শুরু। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং আজ শনিবার (১৪ মার্চ) ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট ৪৭৫টি ফ্লাইট স্থগিত করা হলো।
আজকের বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে— গালফ এয়ার (বাহরাইন) ৪টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ৪টি, জাজিরা এয়ারওয়েজ ৪টি, ফ্লাইদুবাই ৪টি, কুয়েত এয়ারওয়েজ ২টি এবং এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ২টি।
আচমকা ফ্লাইট বাতিলের ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক ও বিদেশগামী যাত্রী। অনেকেই বিমানবন্দরে এসে ফিরে যাচ্ছেন। এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।